যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকালে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে এদিন দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত ‘আপসের শর্তে’ তাকে জামিনের আদেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৭ আগস্ট ৩০ লাখ টাকা দেনমোহরে রাহী ও ফাহিমা বিনতে মাহবুব পুষ্পিতা বিবাহবন্ধনে আবদ্ধ হন। পুষ্পিতার অভিযোগ, বিয়ের পর থেকেই ৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে রাহী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। এই ঘটনায় গত ১ মার্চ লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পর ৮ মার্চ আদালতে মামলা দায়ের করেন পুষ্পিতা।
আদালতে হাজির না হওয়ায় গত ১৫ এপ্রিল রাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। বুধবার গ্রেপ্তারের পর রাহীর আইনজীবী ইশতিয়াক শাহরিয়ার আদালতে জানান, তারা প্রেম করে বিয়ে করেছিলেন এবং বর্তমানে নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে পুনরায় সংসার করতে চান। এই ‘আপস-মীমাংসার’ শর্তে আদালত ৫০০ টাকা মুচলেকায় আগামী ৯ জুন পর্যন্ত রাহীর জামিন মঞ্জুর করেন। ওই সময়ের মধ্যে সমঝোতা না হলে আদালত পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ।
