যুক্তরাষ্ট্রে প্রবেশে বিদেশি নাগরিকদের জন্য আরোপিত ১৫ হাজার ডলারের (প্রায় ১৮ লাখ টাকা) ফেরতযোগ্য বন্ড বা জামানত দেওয়ার বাধ্যবাধকতা স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। বুধবার (১৩ মে) রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে, ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট কেনা এবং অংশগ্রহণের যোগ্যতা অর্জনকারী নির্দিষ্ট দেশগুলোর সমর্থকদের জন্য এই বিশেষ ছাড় কার্যকর হবে।
গত বছর অভিবাসন দমন নীতির অংশ হিসেবে রিপাবলিকান প্রশাসন এই বন্ড ব্যবস্থা চালু করেছিল। তাদের দাবি ছিল, নির্দিষ্ট কিছু দেশের নাগরিকরা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যান, যা নিরাপত্তার জন্য ঝুঁকি। বর্তমানে ৫০টি দেশের নাগরিকদের ওপর এই নিয়ম কার্যকর থাকলেও, বিশ্বকাপের কারণে এতে বড় ধরনের পরিবর্তন আনা হলো।
বন্ড নীতির আওতায় থাকা ৫০টি দেশের মধ্যে আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়া—এই পাঁচটি দেশ এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই দেশগুলোর ফুটবলভক্তরা ফিফা থেকে টিকিট কেনা সাপেক্ষে এখন আর বন্ডের বাধ্যবাধকতায় পড়বেন না। এর আগে খেলোয়াড় ও কোচদের এই অব্যাহতি দেওয়া হলেও দর্শকদের জন্য এটিই প্রথম বড় ছাড়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহকারী সচিব মোরাহ নামদার জানিয়েছেন, যারা ১৫ এপ্রিলের মধ্যে দ্রুত ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য ‘ফিফা পাস’ ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়েছেন, কেবল তারাই এই সুবিধা পাবেন।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফা এক বিবৃতিতে হোয়াইট হাউস ও মার্কিন প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে। ফিফা জানায়, একটি সফল ও রেকর্ডগড়া বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উল্লেখ্য, ফিফাই প্রথম এই ছাড়ের জন্য মার্কিন প্রশাসনের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল।
