ধান সংগ্রহে ফড়িয়া চক্র ও হাওরে অবৈধ বাঁধের বিরুদ্ধে কড়া হুশিয়ারি ডেপুটি স্পিকারের

নিজের ভাই অপরাধ করলেও ছাড় দেওয়া হবে না ঘোষণা দিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১৪ মে) নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বালিকা ফুটবল দল ও রানার্স আপ বালক কাবাডি খেলোয়াড়দের সংবর্ধনা, ক্রীড়া সামগ্রী এবং মৎস্য চাষিদের মাঝে প্রণোদনা বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের শুরুতেই লাল-সবুজ জার্সি পরিহিত কৃতি খেলোয়াড়রা কায়সার কামালকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, “আমি নিজে দুর্নীতি করি নাই, দুর্নীতি করব না এবং দুর্নীতিকে কখনো প্রশ্রয় দিব না। আমার আপন ভাইয়ের ক্ষেত্রেও যদি কোনো অনিয়ম পাওয়া যায়, তাও বরদাশত করা হবে না।” নিজেকে কৃষকের সন্তান দাবি করে তিনি বলেন, ক্ষমতার চেয়ার উপভোগ করতে নয়, জনগণের সেবা করতেই তিনি ডেপুটি স্পিকার হয়েছেন। নাম ভাঙিয়ে কেউ যেন সুবিধা নিতে না পারে, সে ব্যাপারে প্রশাসনকে সতর্ক করেন তিনি।

বক্তব্যে তিনি সমাজ থেকে মাদক নির্মূলের ওপর জোর দিয়ে সন্তানদের খেলাধুলায় ফেরানোর আহ্বান জানান এবং কলমাকান্দায় একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন। এছাড়া ধান সংগ্রহে জালিয়াতি, হাওরে মাছ চাষের নামে অবৈধ বাঁধ দিয়ে মানবসৃষ্ট বন্যা এবং কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার তীব্র সমালোচনা করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ওসি মো. আবুল হাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদূল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধী সমাজ। অনুষ্ঠান শেষে ডেপুটি স্পিকার কৃতি খেলোয়াড় ও মৎস্য চাষিদের মাঝে ক্রীড়া সামগ্রী ও সরকারি প্রণোদনা তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *