ইন্দোনেশিয়ায় পাম বাগানে হেলিকপ্টার বিধ্বস্ত; দুই ক্রুসহ আটজনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে বিমানে থাকা আটজন আরোহীর সবাই নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধারের কাজ শুরু করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানিয়েছেন, এয়ারবাস এইচ১৩০ মডেলের হেলিকপ্টারটি গত বৃহস্পতিবার সকালে মেলাউইয়ের একটি পাম বাগান এলাকা থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরই কন্ট্রোল রুমের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর শুক্রবার বনাঞ্চল ও খাড়া পাহাড়ি এলাকায় এর ধ্বংসাবশেষের সন্ধান মেলে।

দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী এবং দুজন ক্রু সদস্য ছিলেন। যাত্রীরা সবাই ইন্দোনেশীয় পাম তেল কোম্পানি ‘চিত্রা মাহকোটা’-এর কর্মকর্তা বলে জানা গেছে। স্থানীয় উদ্ধারকারী সংস্থার মুখপাত্র জানিয়েছেন, খাড়া পাহাড়ি এলাকা এবং ঘন জঙ্গলের কারণে উদ্ধার কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। বর্তমানে সামরিক ও পুলিশ সদস্যরা স্থলপথে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন।

বিধ্বস্ত হেলিকপ্টারটি ‘ম্যাথিউ এয়ার নুসানতারা’ কোম্পানির মালিকানাধীন ছিল এবং এটি চিত্রা মাহকোটা নামক পাম তেল কোম্পানির অধীনে কাজ করছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয় এবং কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *