অতীতের অনেকগুলো জাতীয় সংসদ ও নির্বাচনে আমাদের জন্য বিড়ম্বনা সৃষ্টি করেছে। তবে এই সংসদটি আমার দেখা সবচাইতে সুষ্ঠু নির্বাচনের ফসল বলে মন্তব্য করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
বুধবার (৫ আগস্ট) জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, এই জাতীয় সংসদ এবং বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হলো জুলাইয়ে যারা জীবন দিয়েছেন, জুলাইয়ে যাদের অঙ্গহানি হয়েছে, তাদের প্রতি যেন আমরা সুবিচার করতে পারি। এটাই আমাদের প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। একইভাবে, এই জুলাই গণঅভ্যুত্থানও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয়েছে। এটি এক দিন-দুই দিনে নয়, ১৬টি বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছে। বিপদ মাথায় নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছেন। এটি এক গৌরবময় কাহিনি, যা নিয়ে দেশের মানুষ যুগ যুগ ধরে গর্ববোধ করবে।
জুলাইকে হারিয়ে না ফেলার আহ্বান জানিয়ে অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, এটাকে যেন ধারণ করতে পারি। আমরা যেন জনগণের চেতনাকে, জনগণের আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারি, এটি হওয়া উচিত আমাদের আজকের সংকল্প। আমরা অঙ্গীকার করি, জুলাইয়ের আত্মত্যাগকে জাতীয় জীবনের প্রেরণায় রূপ দেবো। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুদৃঢ় করবো।
