অভিবাসী শ্রমিকদের মানুষ হিসেবে মর্যাদা দিন: জাতিসংঘে আরিফুল হক চৌধুরী

অভিবাসী শ্রমিকদের কেবল ‘শ্রমশক্তি’ হিসেবে নয়, বরং অধিকারসম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুধবার (৬ মে) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’ (IMRF)-এর রাউন্ড টেবিল-৪-এ সহ-সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অভিবাসন ব্যবস্থাপনায় আরও কার্যকর ও সমন্বিত বৈশ্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করা, নির্ভুল তথ্যব্যবস্থা গড়ে তোলা এবং অভিবাসনবিরোধী অপপ্রচার ও বৈষম্য মোকাবিলায় সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

বিশেষ করে গৃহকর্মী, কৃষি ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের উচ্চ ঝুঁকির কথা উল্লেখ করে তিনি বলেন, “শোষণ ও অনিরাপদ কর্মপরিবেশ প্রতিরোধে অবশ্যই অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে।” এছাড়া জেনোফোবিয়া (বিদেশিভীতি) ও ভ্রান্ত তথ্যনির্ভর প্রচারণা রুখতে ডিজিটাল সাক্ষরতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।

বৈঠকে মন্ত্রী অভিবাসনের প্রতিটি পর্যায়ে সঠিক তথ্য নিশ্চিতে ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটিভিত্তিক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন যে, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে ‘সমগ্র সরকার ও সমগ্র সমাজ’ ভিত্তিক সমন্বিত পদ্ধতি গ্রহণ করা অপরিহার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *