ইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ড্রামে রাখা ডিজেলে ডুবে আরাফ মিয়া নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
নিহত আরাফ উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশুটির বাবা বাবু মিয়ার ট্রাকের তেলের ট্যাংকি ফুটো হয়ে যাওয়ায় প্রায় ৫০ লিটার ডিজেল বের করে বাড়ির বারান্দায় একটি মুখখোলা কাটা ড্রামে রাখা হয়েছিল। মঙ্গলবার বিকেলে শিশুটি ড্রামের পাশে খেলতে গিয়ে সবার অগোচরে ভেতরে পড়ে যায়।
পরে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার ভোরে তার মৃত্যু হয়।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত রাখা জ্বালানি তেলের ড্রামই কেড়ে নিল শিশুটির প্রাণ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
