দেশের সার্বিক অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার ইতোমধ্যে পুরোদমে কাজ শুরু করেছে এবং আগামী পাঁচ বছরের মধ্যে দেশের গ্রামীণ এলাকার যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ তার সব কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তিনি আরও দাবি করেছেন, বিএনপি সরকারের গত তিন মাসে যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে, তা বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরেও হয়নি৷
আজ শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত আধুনিক মার্কেট ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার সুপরিকল্পিতভাবে দেশব্যাপী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে৷ জনগণের প্রত্যাশা অনুযায়ী তৃণমূল পর্যায়ের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হবে৷ বিগত সরকারের আমলের স্থবিরতা কাটিয়ে গত তিন মাসে যে অগ্রগতি হয়েছে, তা দৃশ্যমান৷
২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক মার্কেট: সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত দেশব্যাপী গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভবেরচর গ্রামীণ বাজারে ২০২৪ সালের ১ জুলাই এই নির্মাণকাজ শুরু হয়৷ প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক দৃষ্টিনন্দন মার্কেট ভবনটির কাজ মাঠপর্যায়ে বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মুন্সীগঞ্জ৷ সম্পূর্ণ নির্মাণকাজ নির্ধারিত সময়ে সফলভাবে সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বপ্না কনস্ট্রাকশন লিমিটেড৷
ভবেরচরের এই উদ্বোধনী অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়াসহ স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷
সড়ক উন্নয়ন ও প্রস্তাবিত সেতু এলাকা পরিদর্শন: আধুনিক মার্কেট ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গজারিয়া উপজেলার ব্র্যাক অফিস থেকে শুরু করে ইমামপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত দুই হাজার মিটার (২ কিলোমিটার) দীর্ঘ সড়কের পুনর্বাসন ও সার্বিক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন৷ এ ছাড়া তিনি উপজেলার রসুলপুর বাজার এলাকায় ফুলদী নদীর ওপর প্রস্তাবিত নতুন সেতু নির্মাণস্থলও সরজমিনে পরিদর্শন করেন এবং দ্রুত কাজ শুরুর তাগিদ দেন৷
