ঢাকা দেশের আট বিভাগেই ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১১ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়েছে, বৃষ্টির ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সাথে কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটি তৈরি হলে পরবর্তী দিনগুলোতে আবহাওয়ার আরও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড গরমের পর এই বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
