আশুলিয়ায় মাদ্রাসার নির্মাণাধীন টয়লেট থেকে পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‍্যাব-৪

সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)৷ গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পাঠানো এক আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে৷

এর আগে গত বুধবার আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত ‘তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসার’ নির্মাণাধীন ভবনে বিশেষ অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়৷

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৪ এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি চৌকস টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদ্রাসা প্রাঙ্গণের অভিভাবকদের ওয়েটিং রুমের পাশের নির্মাণাধীন ওয়াশরুমে মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করে রেখেছে৷ এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে ওই ওয়াশরুমে তল্লাশি চালান৷

একপর্যায়ে ওয়াশরুমের পূর্ব-দক্ষিণ কোণের টয়লেটের মেঝেতে কয়েকটি ইটের নিচে লুকানো একটি ছেঁড়া হলুদ রঙের শপিং ব্যাগের সন্ধান মেলে৷ সেটি বের করে ব্যাগের ভেতর থেকে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলবার এবং দুই রাউন্ড ২২ বোরের গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়৷

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে৷ তবে অস্ত্রটির মূল উৎস তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি৷ উদ্ধারকৃত রিভলবারটির গায়ে ইংরেজিতে ‘মেইড ইন পাকিস্তান’ খোদাই করা লেখা দেখা গেছে৷

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে৷ উদ্ধারকৃত অস্ত্রের প্রকৃত উৎস কী এবং কারা, কী উদ্দেশ্যে এটি সেখানে রেখে গিয়েছিল তা উদঘাটনে প্রয়োজনীয় আইনি ও তদন্ত কার্যক্রম জোরদারভাবে চলমান রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *