বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি বাজার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) শুল্কমুক্ত পণ্য প্রবেশাধিকার অব্যাহত রাখতে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ভবিষ্যতেও ইইউ বাজারে বাংলাদেশের বর্তমান শুল্কমুক্ত সুবিধা ও বিদ্যমান বাণিজ্য সুবিধা সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি।
রোববার (১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের চেয়ারপারসন নুরিয়া লোপেজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও সহজ ও কার্যকর করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন এবং আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মোতায়েনের বিষয়টিও আলোচনায় আসে।
প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি জাপানের সঙ্গে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন করেছে। এর ফলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানে ৭ হাজার ৩০০টির বেশি বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, অদূর ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের সঙ্গে একই ধরনের আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, যাতে বিশেষ করে ইইউ বাজারে তৈরি পোশাকসহ বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দীর্ঘমেয়াদে বজায় থাকে।
