হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের সামরিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। রোববার (২২ মার্চ) এনবিসি-র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্কট বেসেন্ট বলেন, “হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো দুর্বল করতে একটি বিশেষ সামরিক অভিযান শুরু হয়েছে। এসব স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত আমাদের এই তৎপরতা থামবে না।” তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের সামরিক সক্ষমতাকে বড় ধরনের আঘাত হানতে সক্ষম হয়েছে।
এদিকে মার্কিন অর্থমন্ত্রীর এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘছি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, হরমুজ প্রণালী বর্তমানে বন্ধ নয়। আরাঘছি বলেন, “ইরানের কারণে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে না; বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের আতঙ্কে বীমা কোম্পানিগুলো সরে দাঁড়াচ্ছে। কোনো হুমকিতেই ইরানিরা বিচলিত হবে না।”
অন্যদিকে জাতিসংঘের সমুদ্র বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনকে (আইএমও) ইরানের প্রতিনিধি আলী মুসাভি জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ তেল পথটি সব দেশের জন্য উন্মুক্ত হলেও ইরানের ‘শত্রুদের’ জন্য নয়। তিনি বর্তমান পরিস্থিতির জন্য সরাসরি মার্কিন-ইসরায়েলি আগ্রাসনকে দায়ী করেন।
সূত্র: দ্য গার্ডিয়ান, আলজাজিরা
