মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতকে ‘অত্যন্ত অযৌক্তিকভাবে’ লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে দাবি করেছে দেশটি। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও আমিরাত সাফ জানিয়ে দিয়েছে যে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা অংশ নেবে না।
জেনেভায় জাতিসংঘে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত জামাল আল মুশারখ সোমবার (৯ মার্চ) সাংবাদিকদের বলেন, “সংযুক্ত আরব আমিরাত তার ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে কোনো হামলায় অংশ নেবে না। আমরা এ ধরনের কোনো যুদ্ধে জড়াব না।” মূলত গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরুর পর থেকেই আরব আমিরাত এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে উপসাগরীয় এই দেশটি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আমিরাতে এখন পর্যন্ত ৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। দুবাই ও আবুধাবির মতো আধুনিক শহরগুলোর বিভিন্ন ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরব আমিরাতের মিডিয়া অফিস জানিয়েছে, সোমবার (৯ মার্চ) দেশটির ভূখণ্ড লক্ষ্য করে ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে ১২টি প্রতিহত করা সম্ভব হলেও ৩টি সমুদ্রে পতিত হয়েছে। এ ছাড়া ১৮টি ড্রোনের মধ্যে ১৭টি ঠেকিয়ে দিলেও ১টি ড্রোন আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজেদের নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছে দেশটি।
সূত্র: ইউরোনিউজ
