ইরানের সঙ্গে যুদ্ধের সময় ইসরাইলকে রক্ষা করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার অত্যন্ত উন্নত ও কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অর্ধেকই ব্যবহার করে ফেলেছে। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’ (The Washington Post) এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে, যা পেন্টাগনের সামরিক সক্ষমতা ও মজুত নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের সময় ইসরাইলের দিকে ধেয়ে আসা একের পর এক ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস বা ভূপাতিত করতে মার্কিন বাহিনী ২০০টিরও বেশি অত্যাধুনিক ‘থাড’ (THAAD) ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অর্থ হলো পেন্টাগনের নিজস্ব মোট থাড মজুতের প্রায় অর্ধেকই এই একটি যুদ্ধক্ষেত্রে শেষ হয়ে গেছে।
এছাড়াও, মার্কিন নৌবাহিনী পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা তাদের যুদ্ধজাহাজ থেকে ইরানের ক্ষেপণাস্ত্র রুখতে ১০০টিরও বেশি অত্যন্ত ব্যয়বহুল ‘স্ট্যান্ডার্ড মিসাইল-৩’ (SM-3) এবং ‘স্ট্যান্ড্যান্ড মিসাইল-৬’ (SM-6) ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছিল।
প্রতিবেদনের সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, মার্কিন যুক্তরাষ্ট্র যখন তাদের সর্বশক্তি দিয়ে আকাশ পাহারা দিচ্ছিল, তখন ইসরাইল তার নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক কম ব্যবহার করেছে। ওয়াশিংটন পোস্টের তথ্যমতে, পুরো যুদ্ধ চলাকালীন ইসরাইলি বাহিনী তাদের নিজস্ব ‘অ্যারো’ (Arrow) ইন্টারসেপ্টর থেকে ১০০টিরও কম এবং ‘ডেভিড’স স্লিং’ (David’s Sling) ব্যবস্থা থেকে মাত্র প্রায় ৯০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অর্থাৎ, নিজেদের মজুত সুরক্ষিত রেখে মার্কিন অস্ত্রের ওপরই মূলত নির্ভর করেছিল তেল আবিব।
পেন্টাগনের একজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ওয়াশিংটন পোস্টকে বলেন, ইরানের সঙ্গে যদি আবার নতুন করে যুদ্ধ শুরু হয়, তবে ইসরাইলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রকে সম্ভবত আগের চেয়ে আরও অনেক বেশি ইন্টারসেপ্টর ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হবে। এর কারণ হিসেবে তিনি জানান, ইসরাইল ইতিমধ্যে তাদের কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি বা সিস্টেম রক্ষণাবেক্ষণের (Maintenance) জন্য রণক্ষেত্র থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্লেষকদের মতে, চীনের সাথে তাইওয়ান নিয়ে সম্ভাব্য উত্তেজনা এবং ইউক্রেন সংকটের মাঝে ইসরাইলের পেছনে আমেরিকার এই বিপুল পরিমাণ উন্নত ক্ষেপণাস্ত্রের অপচয় ওয়াশিংটনের বৈশ্বিক সামরিক ভারসাম্যকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
