উন্নয়ন চুক্তিতে লাগবে মন্ত্রণালয়ের আগাম অনুমতি: সিটি করপোরেশন ও পৌরসভাকে সরকারের নতুন নির্দেশনা

দেশের সকল সিটি করপোরেশন ও পৌরসভাকে যে কোনো ধরনের উন্নয়ন চুক্তি সম্পাদনের আগে স্থানীয় সরকার বিভাগের পূর্বানুমতি নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এই নির্দেশনার আওতায় উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থাগুলোর সঙ্গে সম্পাদিত দেশি-বিদেশি সকল চুক্তি অন্তর্ভুক্ত থাকবে। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভাগুলো বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থার সঙ্গে সরাসরি চুক্তি সম্পাদন করছে। তবে লক্ষ্য করা গেছে যে, এসব চুক্তির অনেকগুলোই স্থানীয় সরকার বিভাগের অনুমতি ছাড়াই করা হচ্ছে, যা সরকারি নীতিমালা ও বিদ্যমান বিধিনিষেধের পরিপন্থি।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, যে কোনো অবকাঠামো নির্মাণ, কারিগরি সহায়তা বা উন্নয়নমূলক কার্যক্রমের ক্ষেত্রে সম্পাদিত চুক্তি অবশ্যই সরকারের নীতিগত সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ঋণের বোঝা বা শর্তহীন বাধ্যবাধকতা এড়াতে এখন থেকে যে কোনো চুক্তি চূড়ান্ত করার আগে অবশ্যই স্থানীয় সরকার বিভাগের অনুমতি নিতে হবে।

ইতিমধ্যেই যেসব সিটি করপোরেশন বা পৌরসভা অনুমতি ছাড়া কোনো দাতা বা উন্নয়ন সংস্থার সঙ্গে চুক্তি সম্পাদন করেছে, সেগুলোর বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাজে আরও জবাবদিহিতা আসবে এবং সরকারের কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়নের মধ্যে সমন্বয় সাধন সহজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *