এক সপ্তাহ আগে পদত্যাগপত্র দিলেও নেয়নি কেন্দ্র, এবার প্রকাশ্যে আনলেন এনসিপি নেতা মাইনুল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আরও এক নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে। এবার দলটির ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক মাইনুল ইসলাম দল থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়কের কাছে ইতিমধ্যে তিনি অব্যাহতিপত্র পাঠিয়েছেন।

রোববার (৩১ মে) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে মাইনুল ইসলাম নিজেই পদত্যাগের এই বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগের ব্যাপারে জানতে চাওয়া হলে মাইনুল ইসলাম জানান, দল ছাড়ার সিদ্ধান্ত তিনি হুট করে নেননি। গত ২৩ মে ঝালকাঠিতে এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহামুদা মিতুর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তিনি পদত্যাগের বিষয়টি অবহিত করেন। পাশাপাশি দলের বরিশাল বিভাগীয় আহ্বায়ককেও বিষয়টি জানানো হয়েছিল।

তিনি আরও অভিযোগ করেন, লিখিত অব্যাহতিপত্র দেওয়ার পর এক সপ্তাহ পার হয়ে গেলেও কেন্দ্রীয় কমিটি তা গ্রহণ বা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো সাড়া না পাওয়ায় বাধ্য হয়ে রোববার রাতে বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আনেন। তবে এনসিপির পক্ষ থেকে এই পদত্যাগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *