যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যৌন অপরাধী জেফরি এপস্টেইন–সংক্রান্ত বিপুল পরিমাণ নতুন নথি প্রকাশ করেছে। সরকারি পর্যায়ে এটি এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় নথি প্রকাশ।
৩১ জানুয়ারি প্রকাশিত এসব নথির মধ্যে রয়েছে প্রায় ৩০ লাখ পৃষ্ঠা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও। প্রকাশিত কাগজপত্রে সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম শত শতবার উল্লেখ করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত একটি আইনের নির্ধারিত সময়সীমা পেরিয়ে প্রায় ছয় সপ্তাহ পর এসব নথি প্রকাশ করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানান, দীর্ঘ যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী স্বচ্ছতা নিশ্চিত করতেই এই নথিগুলো জনসমক্ষে আনা হয়েছে।
নথিগুলোর মধ্যে রয়েছে কারাগারে থাকা অবস্থায় এপস্টেইনের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট, তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য এবং জেলে থাকার সময়কার নানা নথি।
এছাড়া এপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্তসংক্রান্ত তথ্যও এতে অন্তর্ভুক্ত রয়েছে। ম্যাক্সওয়েলকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচারে এপস্টেইনকে সহায়তার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
প্রকাশিত নথিতে এপস্টেইনের সঙ্গে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির ই-মেইল ও যোগাযোগের তথ্যও রয়েছে।
