জাতীয় সংসদ নির্বাচনের পর এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে আগের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, এবার কোনো একটি রাজনৈতিক দলের ব্যানারে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণমাধ্যমকে হিরো আলম জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে গিয়ে অনেক সময় হয়রানির শিকার হতে হয়, তাই এবার দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে তিনি ঢাকা উত্তর নাকি দক্ষিণ সিটি করপোরেশনে লড়বেন, তা এখনো চূড়ান্ত করেননি।
কোন দলের হয়ে নির্বাচন করবেন—এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, “আমি এখন তারেকের আমজনতা দলের লোক। তবে মানুষের চাওয়া অনুযায়ী ভালো কিছুর সঙ্গে থাকতে চাই। বর্তমানে কয়েকটি দলের সঙ্গে কথা চলছে। আলোচনা চূড়ান্ত হলে সবাইকে জানাব।”
নির্বাচনের প্রস্তুতি নিয়ে হিরো আলম জানান, তিনি ইতোমধ্যে মানুষের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এবং তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করছেন। যেদিকে জনগণের গ্রহণযোগ্যতা বেশি পাবেন, সেখানেই থাকার চেষ্টা করবেন বলে উল্লেখ করেন তিনি। এর আগে তিনি ঢাকা-১৭ এবং বগুড়া-৪ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত মাঠে থাকেননি।
