‘কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হবে’: মার্কিন জ্বালানি সচিবের বড় পূর্বাভাস

মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাত খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট। রোববার (১৫ মার্চ) এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই যুদ্ধের অবসান ঘটবে।

ক্রিস রাইট বলেন, “আমি মনে করি, এই দ্বন্দ্ব অবশ্যই আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে। এমনকি এর চেয়েও তাড়াতাড়ি হতে পারে।” তিনি আরও উল্লেখ করেন যে, যুদ্ধের অবসান হলে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ বাড়বে এবং তেলের আকাশচুম্বী দামও দ্রুত কমে আসবে। বর্তমানে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার ফলে জ্বালানি সংকটে ভুগছে বিশ্ব।

এদিকে সংঘাতের ১৬তম দিনে এসে ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রোববার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তেল আবিবসহ অন্তত ৩টি বড় শহর কেঁপে ওঠে। ইরান দাবি করেছে, এই হামলা ছিল পূর্ববর্তী ইসরায়েলি হামলার কঠোর জবাব।

দ্য টাইমস অব ইসরায়েলের তথ্যমতে, এই হামলায় মধ্য ইসরায়েলে ২ জন এবং পশ্চিম তীরে আরও ৩ জন ইসরায়েলি আহত হয়েছেন। এছাড়া দেশটির দক্ষিণতম শহর ইলাত এবং মধ্যাঞ্চলজুড়ে ক্লাস্টার বোমার সাবমিউনিশন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। ইলাত কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হলেও তার ধ্বংসাবশেষ থেকে উপ-বোমাগুলো শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে আতঙ্ক সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *