কসবায় বিএনপির ইফতার মাহফিলে দুই গ্রুপের সংঘর্ষ; ব্যানার ও দাওয়াত নিয়ে তুলকালাম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ইফতার ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর গরু বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং আতঙ্কে পণ্ড হয়ে গেছে ইফতার আয়োজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ নম্বর বিনাউটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস। তবে অনুষ্ঠানের ব্যানারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নাম না থাকা এবং তাকে আমন্ত্রণ না জানানোকে কেন্দ্র করে শুরু থেকেই উত্তেজনা বিরাজ করছিল।

ইফতারের আগে বক্তব্য দেওয়ার সময় উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভুইয়া দীপু মাদক ও ড্রেজারবিরোধী অভিযানে কিছু নেতাকর্মীর ভূমিকা নিয়ে সমালোচনা করেন। এর কিছুক্ষণ পরই শরীফুল হক স্বপন তার সমর্থকদের নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন এবং ব্যানার ও দাওয়াত নিয়ে আপত্তি তোলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়িতে রূপ নেয়।

সংঘর্ষ শুরু হলে ইফতারের অপেক্ষায় থাকা সাধারণ মুসল্লি ও নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে মানুষ দিকবিদিক দৌড়াদৌড়ি শুরু করলে পুরো প্যান্ডেল লণ্ডভণ্ড হয়ে যায়। ফলে ইফতার না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন অনেকে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন অভিযোগ করেন, তাকে ও সভাপতিসহ মূল নেতাদের বাদ দিয়ে এবং অনুষ্ঠানে তাদের নিয়ে কটূক্তি করার কারণেই বিরোধের সৃষ্টি হয়েছে। অন্যদিকে, যুবদল নেতা মাসুদুল হক ভুইয়া দীপু দাবি করেন, আলোচনা চলাকালে স্বপন ও তার সমর্থকরা অতর্কিত হামলা চালিয়েছেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যানারে নাম থাকা না থাকা নিয়েই এই ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *