কেন্দ্রীয় শহীদ মিনারে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা; এলাকায় আতঙ্ক

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলিতে ও ছুরিকাঘাতে মো. রাকিব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীকে হাসপাতালে নিয়ে আসা মো. ঈশান জানান, শহীদ মিনারের ওপর অবস্থানকালে ৩-৪ জন যুবক অতর্কিত রাকিবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর মাথায় গুলি লাগে। এরপর হামলাকারীরা তাঁর পেটের ডান পাশে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মাথায় গুলি ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের আঞ্চলিক সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম জানান, কেন্দ্রীয় শহীদ মিনারে ওই ব্যক্তিকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। নিহত রাকিব শিববাড়ি স্টাফ কোয়ার্টার এলাকার খোকন মিয়ার ছেলে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *