রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে এই নির্দেশ দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ছুটিতে থাকায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসামিকে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন জানান। আদালত আবেদন মঞ্জুর করে ফাহিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামীকাল (১ এপ্রিল) জামিন শুনানির দিন ধার্য করেন।
এর আগে, গত ২৯ মার্চ বিকেলে মিরপুরে জাতীয় চিড়িয়াখানার সামনে থেকে ফাহিমকে আটক করে শিক্ষার্থীরা। পরে শাহ আলী থানা পুলিশের মাধ্যমে তাকে গুলশান থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, আর এস ফাহিমের জন্ম কুমিল্লার চৌদ্দগ্রামে হলেও তিনি বড় হয়েছেন ঢাকার মোহাম্মদপুরে। সাইকেল স্টান্ট ভিডিও দিয়ে ক্যারিয়ার শুরু করা ফাহিম ২০১৫ সালে ইউটিউব চ্যানেল খোলার পর বাইকিং এবং লাইফস্টাইল কনটেন্ট দিয়ে ব্যাপক জনপ্রিয়তা ও পরিচিতি লাভ করেন।
