চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ; তদন্ত কমিটি গঠন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে খাবার গ্রহণের কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের মধ্যে পাউরুটি, দুধ, কলা ও ডিম বিতরণ করা হয়। খাবার খাওয়ার পর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বমি, তীব্র পেটব্যথা, মাথা ঘোরা এবং চোখে জ্বালাপোড়ার মতো উপসর্গ দেখা দেয়। একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় বিদ্যালয় প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষকরা প্রাথমিক সেবা দেওয়ার পাশাপাশি অভিভাবকদের খবর দিলে তাঁরা দ্রুত সন্তানদের স্থানীয় চিকিৎসাকেন্দ্র ও ক্লিনিকে নিয়ে যান।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার অভিযোগ করে বলেন, খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-এর বিরুদ্ধে আগেও নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ ছিল। বিষয়টি একাধিকবার জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তবে অভিযোগের বিষয়ে সরবরাহকারী প্রতিষ্ঠানের জেলা ফিল্ড অফিসার লিটন মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও গাফিলতি প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *