চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ-এর ছররা গুলিতে বাংলাদেশি যুবক আহত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছররা গুলিতে আজাদ হোসেন (৩০) নামের এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। আহত আজাদ নতুনপাড়া গ্রামের বদর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সীমান্ত এলাকায় গেলে বিএসএফ-এর সদস্যরা তাকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাত লাগে। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারেক জুনায়েদ জানান, আজাদের শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলির চিহ্ন রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, সীমান্ত এলাকায় এক ব্যক্তি গুলিতে আহত হওয়ার খবর তারা শুনেছেন। তবে ভুক্তভোগী বর্তমানে কোথায় চিকিৎসাধীন, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাদের কাছে নেই। এ বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *