অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার পর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিনিধি দলের পক্ষে সনদে স্বাক্ষর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা মিডিয়া কমিটির সদস্য সচিব ইয়াসির আরাফাত।
সন্ধ্যা ৬টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন।
সনদে স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এবং বিশেষ সহকারী মনির হায়দার।
এর আগে, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ড. মুহাম্মদ ইউনূস ও ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলেন। তবে সে সময় জুলাই-আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের সংগঠন এনসিপি এতে অংশ নেয়নি। এবারের স্বাক্ষরের মাধ্যমে সনদে নতুন রাজনৈতিক সমর্থন যুক্ত হলো।
স্বাক্ষরের কারণ ব্যাখ্যা করে যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, অক্টোবরে সনদ স্বাক্ষরের সময় এর আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট ছিল না। কিন্তু গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হওয়ায় সংস্কারের আইনি ভিত্তি নিশ্চিত হয়েছে। জনরায়ের প্রতি সম্মান জানিয়ে এবার তারা সনদে স্বাক্ষর করেছেন। এর ফলে তাদের ছয়জন সংসদ সদস্যের আইনগত কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে কেউ সংস্কারবিরোধী পদক্ষেপ নিলে তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
