ঝিনাইদহে নাছির উদ্দীন পাটোয়ারীকে ডিম নিক্ষেপ: অস্ত্রধারী দুই ‘শিবির নেতাকে’ গ্রেপ্তারের দাবি ছাত্রদল সাধারণ সম্পাদকের

ঝিনাইদহে নাছির উদ্দীন পাটোয়ারীকে সাধারণ জনতার ডিম নিক্ষেপের ঘটনার পর সেখানে অস্ত্র উঁচিয়ে গুলি করার চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অস্ত্রধারী দুজনকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

আজ শুক্রবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক বিস্ফোরক পোস্টে তিনি এই দাবি জানান। একই সাথে নাছির উদ্দীন পাটোয়ারীর সঙ্গে থাকা ওই দুজন ‘শিবিরের সন্ত্রাসী’ এবং তারা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টা করেছে বলেও সুনির্দিষ্ট অভিযোগ তোলেন ছাত্রদল সাধারণ সম্পাদক।

ফেসবুক পোস্টে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তীব্র সমালোচনা করে লিখেছেন, “গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত, মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি নাছির উদ্দীন পাটোয়ারী।”

তিনি আরও লেখেন, “আজও ঝিনাইদহে গিয়েছিলেন মব করার উদ্দেশ্যে। কিন্তু সেখানে সাধারণ জনতা আজ নাসিরুদ্দিন পাটোয়ারীকে ডিম নিক্ষেপ করে। এ সময় নাছির উদ্দীন পাটোয়ারীর সঙ্গে থাকা সন্ত্রাসীরা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টা করে।”

ফেসবুক পোস্টে ছাত্রদলের সাধারণ সম্পাদক ওই ঘটনার সময় অস্ত্র হাতে থাকা দুই ব্যক্তির নাম, বাবার নাম এবং রাজনৈতিক পরিচয়ও জনসমক্ষে প্রকাশ করেন। তার ভাষ্য অনুযায়ী, অস্ত্রধারী এই দুইজন ছাত্রশিবিরের সন্ত্রাসী। ফেসবুকে প্রকাশিত বিবরণী অনুযায়ী তাদের পরিচয় নিচে দেওয়া হলো:

১. সিয়াম উদ্দিন তুর্য (পাঞ্জাবি পরিহিত): পিতা জামাত নেতা সল্টু মাস্টার (শিক্ষক, বদরগঞ্জ মাদ্রাসা)। ঠিকানা: মাস্টার পাড়া, কোর্টপাড়া, ঝিনাইদহ।

২. আশিক (টি-শার্ট পরিহিত): পিতা মৃত বাদশা, গ্রাম: কাষ্টসাগরা। তিনি শিবিরের একজন নেতা।

পোস্টের শেষাংশে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে লেখেন, “অনতিবিলম্বে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অস্ত্রধারী এই দুইজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করার জন্য জোর অনুরোধ রইলো।”

ঝিনাইদহের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এই অভিযোগের বিষয়ে নাছির উদ্দীন পাটোয়ারী কিংবা ছাত্রশিবিরের স্থানীয় বা কেন্দ্রীয় কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *