টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা এবং শুক্রবার (৩ এপ্রিল) ভোরে পৃথক সময়ে তাদের মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালটিতে আরও ২৩ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত শিশুদের মধ্যে ৮ মাস বয়সী সায়ফাল সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে। সে বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যায়। অন্যদিকে, শুক্রবার ভোরে মারা যাওয়া ১৩ মাস বয়সী সাফা টাঙ্গাইল সদর উপজেলার ধুলটিয়া গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান জানান, গত কয়েক দিনে হামের উপসর্গ নিয়ে আসা শিশুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডটিকে বর্তমানে হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার সকাল পর্যন্ত হামের ওয়ার্ডে ২৩ জন রোগী ভর্তি রয়েছে। রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে এবং উন্নত চিকিৎসাসেবা প্রদানের সব ধরনের চেষ্টা চলছে।
