ঢাকা আসার আগ্রহ প্রকাশ শাহবাজ শরিফের, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে চান

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার প্রবল আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি ঢাকা সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ওআইসির (OIC) ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী কমিটির সভার ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই বার্তা পৌঁছে দেন।

ইসহাক দার জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি সুবিধাজনক সময়ে ঢাকা সফরের ইচ্ছা ব্যক্ত করেছেন।
স্মৃতিচারণ করতে গিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত সাক্ষাতের স্মৃতি আজও অমলিন। তিনি বাংলাদেশের বর্তমান সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে ইসহাক দার ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থানের ভূয়সী প্রশংসা করেন। তিনি মনে করেন, মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষায় দুই দেশ একযোগে কাজ করতে পারে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতার বিষয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য ঢাকা সফর দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *