তপ্ত রোদে বৃষ্টির পরশ; আজ আট বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা

তীব্র তাপপ্রবাহে পুড়তে থাকা সারা দেশে অবশেষে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (২৬ এপ্রিল) দেশের আট বিভাগেই কম-বেশি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আগামী পাঁচ দিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে, যার ফলে ধীরে ধীরে প্রশমিত হবে চলমান তাপপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সন্ধ্যা নাগাদ রাজধানী ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম ও সিলেটে সামান্য বৃষ্টিপাত হয়েছে, যা আজ সারা দেশে ছড়িয়ে পড়তে পারে।

গতকাল শনিবার পর্যন্ত দেশের ২০টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ থেকে খুলনা বিভাগ ছাড়া দেশের অন্যান্য স্থানে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় ঢাকাসহ আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বৃষ্টির প্রবণতা আগামী মাসের ৩ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনবে। আগের কয়েকদিনের তুলনায় তাপপ্রবাহের পরিধিও ধীরে ধীরে কমে আসছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *