‘দৃশ্যম ৩’-এর টিজার প্রকাশ: রহস্য ও ভয়ের নতুন জালে মোহনলাল

২০১৩ সালে শুরু হওয়া এক সাধারণ বাবার অসাধারণ লড়াইয়ের গল্প এবার পৌঁছাতে যাচ্ছে এক চূড়ান্ত পরিণতির দিকে। বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী মালয়ালম ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’-এর তৃতীয় কিস্তির টিজার প্রকাশিত হয়েছে। ‘অতীত কখনো নীরব থাকে না’—এই ট্যাগলাইন নিয়ে এবার হাজির হচ্ছেন জর্জকুট্টি চরিত্রে কালজয়ী অভিনেতা মোহনলাল।

জিতু জোসেফ পরিচালিত এই কিস্তির টিজারে পুরোনো দিনের স্মৃতিচারণের পাশাপাশি উঠে এসেছে ভবিষ্যতের ভয়াবহ ইঙ্গিত। টিজারটির সুর দ্রুতই অশুভ হয়ে ওঠে, যা স্পষ্ট করে যে—জর্জকুট্টির চাপা পড়ে যাওয়া অতীত আবার তাঁকে তাড়া করতে শুরু করেছে। টিজারে প্রথমবারের মতো জর্জকুট্টিকে ভয়ের কথা স্বীকার করতে দেখা যায়, যা ইঙ্গিত দেয় যে এই পর্বটি আগের দুটির চেয়েও অনেক বেশি তীব্র ও ভয়ংকর হতে পারে।

মোহনলালের পাশাপাশি এবারের পর্বেও দেখা যাবে তাঁর স্ত্রী রানির চরিত্রে মিনা এবং দুই মেয়ের ভূমিকায় আনসিবা হাসান ও এস্থার অনিলকে। এছাড়া বরুণের বাবা-মায়ের চরিত্রে সিদ্দিক ও আশা শারথ ফিরে আসায় অতীতের অমীমাংসিত রহস্যগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠবে বলে নিশ্চিত ভক্তরা।

প্রাথমিকভাবে ‘দৃশ্যম ৩’ আগামী ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও, টিজার প্রকাশের সাথে সাথে জানানো হয়েছে নতুন তারিখ। বড় পর্দায় জর্জকুট্টির রহস্যের সমাধান দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী ২১ মে পর্যন্ত।

উল্লেখ্য, ‘দৃশ্যম’-এর অভূতপূর্ব সাফল্যের পর হিন্দি, তামিল ও তেলেগুসহ বিভিন্ন ভাষায় এর রিমেক তৈরি হয়, যেখানে হিন্দিতে অজয় দেবগন নিজের জায়গা করে নিয়েছেন। তবে মূল মালয়ালম সিরিজের সমাপ্তি কেমন হবে, তা নিয়ে এখন সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *