নাটোর শহরে জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে ফিলিং স্টেশনের কর্মচারীদের হামলায় অন্তত দুই গ্রাহক আহত হয়েছেন। গতকাল শনিবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের রহিম ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধের ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে নির্ধারিত নিয়ম অনুযায়ী ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ শুরু হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ায় অপেক্ষমাণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিকেল ৫টার দিকে পাম্প কর্তৃপক্ষ হঠাৎ তেল সরবরাহ বন্ধের ঘোষণা দিলে ক্ষুব্ধ গ্রাহকরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুনরায় তেল সরবরাহের আশ্বাস দিলে আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। তবে অবরোধ প্রত্যাহারের পর পাম্প কর্তৃপক্ষ তেল দিতে অস্বীকৃতি জানালে উত্তেজনা বাড়ে। একপর্যায়ে পাম্পকর্মীরা স্থানীয় কিছু লোকজনকে সাথে নিয়ে গ্রাহকদের মারধর শুরু করে। এতে দুইজন গ্রাহক আহত হন।
রহিম ফিলিং স্টেশনের পরিচালক সাকিব দাবি করেন, জেলা প্রশাসনের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও কিছু গ্রাহক তেল নিতে চাপ দিলে এবং এক প্রবীণ ব্যক্তির সাথে অশোভন আচরণ করলে হাতাহাতির ঘটনা ঘটে। নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, সময় পার হওয়ার পর তেল নেওয়াকে কেন্দ্র করে ধস্তাধস্তি হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
