নাতির স্নেহে কাল হলো নূরজাহানের, ৫০০ টাকার জন্য খুন করলেন রনি

মাত্র ৫০০ টাকা ধারের জেরে এক বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যার অভিযোগে রনি মিয়া (২৬) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পিবিআই। ময়মনসিংহের কোতোয়ালি থানার মীরকান্দাপাড়া গ্রামে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। নিহত নূরজাহান (৬০) ওই গ্রামের বাসিন্দা ছিলেন, যিনি ঘাতক রনিকে নিজের নাতির মতো স্নেহ করতেন।

শনিবার (০২ মে, ২০২৬) ভোররাতে শম্ভুগঞ্জ এলাকা থেকে পিবিআই ময়মনসিংহ জেলার একটি বিশেষ টিম রনিকে গ্রেপ্তার করে। রনি পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি।

পিবিআই জানায়, গত ৩০ জানুয়ারি নিজ বাড়ির রান্নাঘরের পাশ থেকে নূরজাহানের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে বেরিয়ে আসে, রনি নূরজাহানের কাছ থেকে ৫০০ টাকা ধার নিয়েছিলেন। ঘটনার দিন রাতে পাওনা টাকা চাওয়া নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রনি মসলা বাটার ‘শিল’ দিয়ে বৃদ্ধার মাথায় সজোরে আঘাত করেন। মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার আঘাত করার পর মরদেহ খড় দিয়ে ঢেকে রেখে তিনি পালিয়ে যান।

পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং তার কাছ থেকে নিহতের মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *