ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন থেকে প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ হিসেবে পালিত হবে। আজ সোমবার নগর ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম এই ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, আগামী ৯ মে প্রথমবারের মতো ডিএসসিসি এলাকায় আনুষ্ঠানিকভাবে এই পরিচ্ছন্নতা দিবস পালিত হবে। প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচিকে আরও গতিশীল করতে ডিএসসিসির নেতৃত্বে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকরা একযোগে এই অভিযানে অংশ নেবেন।
সভায় সিদ্ধান্ত হয়, ডিএসসিসি এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কোয়ার্টার, রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটগুলোতে নিজস্ব উদ্যোগে মশার প্রজননক্ষেত্র ধ্বংস ও পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। প্রশাসক আবদুস সালাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “মশক নিয়ন্ত্রণে ডিএসসিসির কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। জনসচেতনতা ও নিজ আঙিনা পরিষ্কার রাখাই মশাবাহিত রোগ নির্মূলের প্রধান উপায়।”
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তর, ডিএমপি, বিজিবি, রাজউকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মশক নিধনে ব্যবহৃত কীটনাশকের মান নিয়ন্ত্রণ এবং কর্মীদের প্রশিক্ষণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে এই সভা থেকে।
