নিষেধাজ্ঞা শেষ; মধ্যরাত থেকে মেঘনায় নামছেন লক্ষ্মীপুরের ৩২ হাজার জেলে

টানা দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে আজ মধ্যরাত থেকে পুনরায় মেঘনা নদীতে মাছ ধরা শুরু হচ্ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর থেকেই লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার জেলেরা আনুষ্ঠানিকভাবে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন।

সরেজমিনে মেঘনা তীরের বিভিন্ন ঘাট ঘুরে দেখা গেছে, জেলেদের মাঝে এক ধরণের উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ বিরতির পর নদীতে নামার অপেক্ষায় জেলেরা তাদের জাল মেরামত, নৌকা ও বোট পরিষ্কার এবং পুরোনো নৌকা সংস্কারের কাজ শেষ করেছেন। লিটন মাঝি, কালু মাঝি ও সোহেল মাঝিদের মতো হাজারো জেলে এখন কেবল ঘড়ির কাঁটা ১২টা বাজার অপেক্ষায় প্রহর গুনছেন।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকায় সব ধরনের মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ ছিল। এই নিষেধাজ্ঞার আওতায় রামগতিতে প্রায় ২১ হাজার ৫০০ এবং কমলনগরে ১১ হাজার ৫০০ নিবন্ধিত জেলে ছিলেন।

নিষেধাজ্ঞার সময়ে জেলেদের সরকারি সহায়তা প্রদান করা হলেও কিছু জেলের অভিযোগ রয়েছে। সোহেল মাঝি নামে এক জেলে জানান, সরকারি সহায়তা পাওয়ায় কিছুটা স্বস্তি থাকলেও অনেক প্রকৃত জেলে বরাদ্দ পাননি। তারা ভবিষ্যতে শতভাগ জেলের জন্য সহায়তা নিশ্চিত করার দাবি জানান।

রামগতি-কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, “অবরোধ শতভাগ কার্যকর করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করছি জেলেরা এবার কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাবেন।” জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন জানান, জাটকা রক্ষায় এই দুই মাসের ত্যাগ ইলিশের উৎপাদন কয়েকগুণ বাড়িয়ে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *