পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে জামায়াত নেতা ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজির একটি অবৈধ তেল পাম্পে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) বিকেলে এই অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীমের নেতৃত্বে ইসলামপুর গ্রামে এই অভিযান চালানো হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি বড় ট্যাংকিতে গোপনে বিপুল পরিমাণ তেল মজুত করে বাজারে অস্থিরতা তৈরির পরিকল্পনা ছিল পাম্প কর্তৃপক্ষের। দীর্ঘ দুই ঘণ্টার অভিযানে পাম্পটিতে ব্যাপক অনিয়ম এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে প্লাস্টিকের ট্যাংকে জ্বালানি তেল মজুত করার প্রমাণ পাওয়া যায়। আইনি বৈধতা দেখাতে ব্যর্থ হওয়ায় পাম্প পরিচালক ও চেয়ারম্যানের ভাই আব্দুল হান্নানকে জরিমানা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, এই পাম্পটি দীর্ঘ দিন ধরে লাইসেন্স ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে। ২০২১ সালের নভেম্বরে এই পাম্পেই বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছিল। বারবার অপরাধের প্রমাণ পাওয়া সত্ত্বেও প্রশাসনের ‘নমনীয়’ আচরণ ও নামমাত্র জরিমানা নিয়ে প্রশ্ন তুলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম বলেন, “অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের আইন অনুযায়ী জরিমানা ও সতর্ক করা হয়েছে। অপরাধের পুনরাবৃত্তির বিষয়টি জানা ছিল না, তবে সংশোধন না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” অন্যদিকে, ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে দাবি করেন যে পাম্পটি তার ভাই দেখাশোনা করেন এবং তাদের কাছে সব বৈধ কাগজপত্র রয়েছে।
