দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে আবারও ৫ উইকেট শিকারের কীর্তি গড়লেন মোস্তাফিজুর রহমান। প্রায় সাত বছর পর আন্তর্জাতিক একদিনের ম্যাচে ‘ফাইফার’ তুলে নিলেন এই বাঁহাতি পেসার। সর্বশেষ ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। দীর্ঘ এই বিরতির পর ২০২৬ সালে এসে আবারও নিজের সেরা ছন্দ খুঁজে পেলেন কাটার মাস্টার।
এটি মোস্তাফিজের ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ৫ উইকেট শিকার। এই অর্জনের মাধ্যমে তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনন্য এক উচ্চতায় পৌঁছে গেলেন। বাংলাদেশের আর কোনো বোলারের ওয়ানডে ক্রিকেটে এতবার ৫ উইকেট নেওয়ার রেকর্ড নেই।
বাঁহাতি পেসারদের মধ্যে ৫ উইকেট নেওয়ার তালিকায় মোস্তাফিজ এখন কিংবদন্তি ওয়াসিম আকরাম এবং কিউই পেসার ট্রেন্ট বোল্টের পাশে নাম লিখিয়েছেন। তবে এই তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, যিনি ৯ বার ৫ উইকেট নিয়েছেন।
মোস্তাফিজুর রহমানের ক্যারিয়ারের একটি আকর্ষণীয় দিক হলো—তিনি যখনই কোনো বছরে ৫ উইকেট পান, সেই বছর একাধিকবার তা অর্জন করেন। ২০১৫ সালে অভিষেক বছরে ৩ বার এবং ২০১৯ সালে ২ বার ৫ উইকেট পেয়েছিলেন তিনি। ২০২৬ সালে বছরের প্রথম ফাইফার শিকারের পর ক্রিকেট ভক্তদের মনে এখন প্রশ্ন—তবে কি আবারও সেই পুরনো ধারায় ফিরছেন মোস্তাফিজ?
