পুলিশ বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করতে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত পুলিশ সপ্তাহ ২০২৬-এর বিশেষ অধিবেশনে তিনি এই ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সময়ের সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে একটি বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে। এছাড়া পুলিশের পেশাদারিত্ব বাড়াতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুটি আধুনিক পুলিশ প্রশিক্ষণ একাডেমি স্থাপন করা হবে। যার একটি হবে এলিট ফোর্সের জন্য এবং অন্যটি সাধারণ ফোর্সের জন্য। এলিট ফোর্সের স্বচ্ছতা নিশ্চিতে আলাদা আইন বা লেজিসলেশন প্রণয়নের কাজও চলছে।
বাহিনীতে দুর্নীতির বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, “পুলিশে দুর্নীতির কোনো স্থান নেই। এখানে চেইন অব কমান্ড ও ডিসিপ্লিন রক্ষায় কোনো আপস করা হবে না।” তিনি অপরাধ দমনে মানবাধিকার বজায় রেখে এবং জাতিসংঘের মানদণ্ড মেনে ন্যূনতম বল প্রয়োগের নীতি অনুসরণের নির্দেশ দেন। এছাড়া পুলিশ ক্লিয়ারেন্স ও অনলাইন জিডির মতো জনসেবা দ্রুততম সময়ে নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
