পেজেশকিয়ানের পদত্যাগের খবর উড়িয়ে দিল তেহরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন, বাজে কথা ও মিথ্যা বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান।

প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ ও তথ্য বিভাগের উপ-পরিচালক মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক পোস্টে বলেন, “মিথ্যাবাদী, প্রতারক এবং বেপরোয়া চরমপন্থিদের একটি অশুভ জোট ইরানের পবিত্র ঐক্য এবং জাতীয় সংহতিকে বিনষ্ট করার পাঁতারা করছে।”

এর আগে, ইরানের ধর্মীয় নেতা মোহাম্মদ বাঘের খারাজির একটি মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বাঘের খারাজি দাবি করেছিলেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্ক করেছেন যে পেজেশকিয়ান যদি আবারও পদত্যাগ করেন তবে তা গ্রহণ করা হবে।

তবে পদত্যাগের সকল গুঞ্জন নাকচ করে দিয়ে ভিডিও বার্তায় নিজের শক্ত অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন পেজেশকিয়ান। বিবিসি ফার্সির বরাতে জানা যায়, ইরানি গণমাধ্যমে প্রচারিত ঐ ভিডিও বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে বলতে শোনা যায়, “আমি পদত্যাগ করব না এবং অবিচল থাকব।” এ সময় তিনি আরও যোগ করেন, “আমরা সামরিক বাহিনীর সঙ্গে পূর্ণ যোগাযোগে রয়েছি।”

ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধ-সংক্রান্ত ঘটনাবলী এবং দেশটির বর্তমান পরিস্থিতি তুলে ধরে পেজেশকিয়ানের দেওয়া এই আলোচনার পূর্ণাঙ্গ ভিডিও ও বক্তব্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

সূত্র : কুর্দিস্তান টোয়েন্টি-ফোর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *