প্রচলিত আইনের কাঠগড়াতেই নিশ্চিত করা হবে বিগত সব নৃশংসতার বিচার: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর হেলাল

বিগত ১৭ বছরের গুম-খুন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত সব নৃশংসতার বিচার বিশেষ কোনো ট্রাইব্যুনাল নয়, বরং দেশের প্রচলিত আইনের মাধ্যমেই নিশ্চিত করা হবে বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটান সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিজেদের দীর্ঘ লড়াইয়ের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, বিগত ১৭ বছরে তারা কেউ দেশ ছেড়ে পালিয়ে যাননি; বরং তৎকালীন সরকারের সকল জুলুম-অত্যাচার ও নির্যাতন বুক পেতে সহ্য করে রাজপথেই লড়াই চালিয়ে গেছেন।

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, একটি সুন্দর, সমৃদ্ধ এবং আত্মনির্ভরশীল মর্যাদা সম্পন্ন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানবসম্পদ উন্নয়ন এবং দীর্ঘ ফ্যাসিস্ট শাসনামলে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া যুবসমাজকে আলোর পথে ফিরিয়ে এনে দক্ষ সম্পদে রূপান্তর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং বিশিষ্ট সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *