প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা: সাভারে বীর শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে রাষ্ট্রীয় মর্যাদায় এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা উড্ডীন অবস্থায় দেখা গেছে। ভোরে সাভার স্মৃতিসৌধে যাওয়া-আসার পথে এবং পরবর্তীতে কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগদানের সময় তাঁর গাড়ির স্ট্যান্ডে জাতীয় পতাকা সংযুক্ত ছিল, যা জনমনে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে এবং পরবর্তীতে মন্ত্রিপরিষদের পক্ষেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধানগণ, কূটনীতিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *