প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপি দলীয় সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনের কৌশল নির্ধারণই এই বৈঠকের মূল লক্ষ্য। বিশেষ করে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং সংসদ অধিবেশন পরিচালনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই সভা থেকে। এর আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সরকারি দলের সকল সংসদ সদস্যকে এই বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছিলেন।

সংসদের শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য মুখ বসাতে চাইছে ক্ষমতাসীন বিএনপি। স্পিকার পদে আলোচনায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। তবে রাজনৈতিক মহলে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম সবচেয়ে বেশি জোরালোভাবে আলোচিত হচ্ছে।

সংসদীয় গণতন্ত্রে নজির স্থাপনে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। তবে জামায়াত এই পদটি গ্রহণ করবে কি না, তা আজ তাদের দলীয় ফোরামের বৈঠকে চূড়ান্ত হতে পারে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হবে। অধিবেশনের সময়কাল নির্ধারণ করবে সংসদের কার্য উপদেষ্টা কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *