প্রধানমন্ত্রী হিসেবে নিজ জেলা বগুড়ায় তারেক রহমানের প্রথম সফর; সূচিতে একগুচ্ছ উন্নয়ন প্রকল্প

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার (২০ এপ্রিল) নিজ জেলা বগুড়ার উদ্দেশ্যে সফর শুরু করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বগুড়ায় এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর। আজ সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি রওনা দেন। তাঁর এই সফরে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন এবং আধুনিক ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর সাড়ে ১১টায় বগুড়া পৌর ভবনে নবগঠিত ‘বগুড়া সিটি করপোরেশনের’ ঐতিহাসিক ফলক উন্মোচন করবেন তিনি।

তৃণমূল ও স্বাস্থ্যসেবা: গাবতলী উপজেলার বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এবং শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।

জনসভা ও সমাপনী কর্মসূচি: বিকেল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি। সফর শেষে সন্ধ্যায় তাঁর ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গোটা বগুড়া জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *