ফেডারেশন কাপে আবাহনীর হোঁচট; গোল উৎসবে ব্রাদার্সের শীর্ষস্থান মজবুত

ফেডারেশন কাপে প্রত্যাশামতো শুরু করতে পারছে না দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে আকাশি-নীলরা। অন্যদিকে, পিডব্লিউডিকে হারিয়ে গ্রুপে নিজেদের দাপট বজায় রেখেছে ব্রাদার্স ইউনিয়ন।

মঙ্গলবার (১০ মার্চ) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই স্তব্ধ হয়ে যায় আবাহনী। ম্যাচের নবম মিনিটে ঘানার ফরোয়ার্ড আরনেস্ট বোয়েটেংয়ের গোলে লিড নেয় রহমতগঞ্জ। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ধানমন্ডির ক্লাবটি। প্রথমার্ধের শেষদিকে কাঙ্ক্ষিত গোলটি পান শেখ মোরসালিন। পেনাল্টি থেকে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান তিনি। বিরতির পর দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও জালের দেখা পায়নি কেউ। এই ড্রয়ের ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে গত আসরের রানার্সআপ আবাহনী।

একই দিনে বসুন্ধরা কিংস অ্যারেনায় জ্বলে ওঠে ব্রাদার্স ইউনিয়ন। পিডব্লিউডিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে তারা। ব্রাদার্সের জয়ের নায়ক পাকিস্তানের মিডফিল্ডার সায়ক দস্ত। ম্যাচের ১২ ও ৫৮ মিনিটে চমৎকার দুটি গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দেন তিনি। দলের হয়ে অন্য গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড ইব্রাহিমা ব্যারি। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে গোপীবাগের দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *