ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বাবা দেব প্রসাদ রায়কে আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিভ্রান্তি এড়াতে এবং নিজের অবস্থান পরিষ্কার করতে রোববার (২৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন অভিনেত্রী।
ফেসবুক পোস্টে পূজা চেরি স্পষ্টভাবে জানান, তাঁর বাবার বিরুদ্ধে ওঠা আর্থিক লেনদেনের অভিযোগের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, “সম্প্রতি আমার বাবা দেব প্রসাদ রায়ের গ্রেপ্তার এবং আর্থিক লেনদেনসংক্রান্ত অভিযোগে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে আমি বিভ্রান্তি এড়াতে চাই। বাবার এই কর্মকাণ্ডের সঙ্গে আমার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই।”
পূজা আরও উল্লেখ করেন যে, তিনি দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন। তিনি বলেন, “১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে নিজেই নির্বাহ করে আসছি। বাবার কোনো ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।”
পরিবারের সদস্য হওয়ার কারণে এই পরিস্থিতি মানসিকভাবে কষ্টদায়ক হলেও পূজা মনে করেন, এটি একটি আইনি বিষয়। তিনি বলেন, “মামলাটির তদন্ত চলমান রয়েছে, বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন। আইন তার নিজস্ব গতিতে চলবে।”
সবশেষে এই স্পর্শকাতর বিষয়ে তাঁকে না জড়ানোর জন্য সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী।
