ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি প্রতিনিধি দল বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইইউ মিশনের প্রধান ইভার্স ইজাবসের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল এই সাক্ষাতে মিলিত হন।
বৈঠকে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়। ইইউ প্রতিনিধি দল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকল অংশীজনের (Stakeholders) ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানের নেতৃত্বে এই বৈঠকে আরও অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মাহাদী আমিন। বৈঠকে নির্বাচনের স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার বিষয়ে পারস্পরিক মতবিনিময় হয়।
