কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গতকাল রোববার (৩ মে) দুপুর ১২টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল তাঁকে আটক করে।
রেজাউল কাইয়ুমকে আটকের খবর ছড়িয়ে পড়লে দুপুর সাড়ে ১২টার দিক থেকেই শতাধিক নেতা-কর্মী ও সমর্থক কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের মধ্যে অনেক পরিবহন শ্রমিককেও অংশ নিতে দেখা গেছে। নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে থানা প্রাঙ্গণ উত্তাল করে তোলেন এবং অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ থানার প্রধান ফটক আটকে দেয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।
এদিকে নেতার আটকের প্রতিবাদে শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছেন বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকেরা। এর ফলে ওই টার্মিনাল থেকে সকল রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আকস্মিক এই ধর্মঘটের ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, জিজ্ঞাসাবাদের জন্য রেজাউল কাইয়ুমকে আটক করা হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁকে আনা হয়েছে, তা বিস্তারিত জানাননি তিনি। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশে তাঁকে আনা হয়েছে। এখনও গ্রেপ্তার দেখানো হয়নি। আমরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি।’
তবে একটি সূত্র জানিয়েছে, শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হতে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত নেতা-কর্মীরা থানা প্রাঙ্গণে এবং শ্রমিকরা টার্মিনালে অনড় অবস্থানে রয়েছেন।
