রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে সরকার। গত ২৫ এপ্রিল (শনিবার) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৩ সদস্যের এই নতুন পর্ষদ গঠন করা হয়। ‘দ্য কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪’ এবং বিমানের ‘আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন’ অনুযায়ী এই পরিবর্তন আনা হয়েছে।
নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংক এশিয়া পিএলসি-এর স্পন্সর ডিরেক্টর ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব রুমি এ হোসেন। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে ব্যাংকিং ও করপোরেট খাতে অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞ। আর্থিক ব্যবস্থাপনা ও করপোরেট সুশাসনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা বিমানের কৌশলগত পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
১৩ সদস্যের এই শক্তিশালী দলে রয়েছেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিমান ও পর্যটন সচিব মিজ ফাহমিদা আখতার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মোঃ হাসান উজ জামান। এছাড়াও ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, এম মাসরুর রিয়াজ, শরীফ জহির, মোহাম্মদ আবদুর রহিম, মোঃ মামুনুর রশীদ, ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক এবং বিমানের বর্তমান এমডি কাইজার সোহেল আহমেদ পর্ষদে অন্তর্ভুক্ত হয়েছেন।
আজ ২৬ এপ্রিল (রবিবার) বিমানের প্রধান কার্যালয় ‘বলাকা’তে নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই সভায় বিমানের সামগ্রিক কার্যক্রম, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা, সেবার মান বৃদ্ধি, বহর সম্প্রসারণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
অভিজ্ঞ করপোরেট ব্যক্তিত্ব এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই পর্ষদ বিমানকে একটি আধুনিক ও বিশ্বমানের এয়ারলাইন্স হিসেবে গড়ে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
