যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। ঠিক এই মুহূর্তে চোটের কবলে পড়েছেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ও ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। সোমবার (২৭ এপ্রিল) রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, ফরাসি ফরোয়ার্ডের বাঁ পায়ের সেমিটেনডিনোসাস মাংসপেশিতে চোট ধরা পড়েছে।
গত শুক্রবার (২৪ এপ্রিল) লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে চোট পান এমবাপ্পে। ম্যাচের শেষের দিকে ব্যথা অনুভব করায় তাঁকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল। সোমবার এমআরআই পরীক্ষার পর ক্লাবটি নিশ্চিত করে যে তাঁর পেশিতে টান লেগেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র খবর অনুযায়ী, এই চোটের কারণে রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোতে এমবাপ্পের খেলা নিয়ে প্রবল সংশয় তৈরি হয়েছে। বিশেষ করে ১০ মে বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ‘এল ক্লাসিকো’র আগে তাঁর এই চোট ক্লাবটির জন্য বড় ধাক্কা। রিয়াল মাদ্রিদ বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে থেকে কঠিন সময় পার করছে।
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ফ্রান্সের প্রথম ম্যাচ ১৬ জুন সেনেগালের বিপক্ষে। দলের প্রাণভ্রমরা এমবাপ্পের সুস্থ হয়ে ফিরতে কতদিন সময় লাগবে তা এখনো নির্দিষ্ট করে বলা হয়নি। তবে বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আগে তাঁর ফিটনেস নিয়ে উদ্বেগ বাড়ছে ফরাসি সমর্থকদের মনে।
