বিশ্বকাপের পথে নেইমার: ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা পাচ্ছেন এই মহাতারকা

দীর্ঘদিন জাতীয় দলের জার্সিতে মাঠের বাইরে থাকা নেইমার ভক্তদের জন্য অবশেষে সুখবর নিয়ে এল ব্রাজিলের খ্যাতনামা সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’। কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হওয়ার পর নেইমারের সুযোগ পাওয়া নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা আপাতত কাটতে শুরু করেছে। জানা গেছে, আসন্ন ২০২৬ বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে রাখা হচ্ছে নেইমারকে।

ফিফার নিয়ম অনুযায়ী, আগামী সোমবার (১১ মে)-এর মধ্যে অংশগ্রহণকারী প্রতিটি দেশকে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা জমা দিতে হবে। ‘ও গ্লোবো’র সাংবাদিক ডিয়োগো দান্তাস জানিয়েছেন, এই তালিকায় নেইমারের পাশাপাশি বড় চমক হিসেবে থাকছেন চেলসির তরুণ তারকা এস্তেভাও। ফিফার নিয়ম অনুসারে, ১ জুন চূড়ান্ত দল জমা দেওয়ার সময় যদি কোনো খেলোয়াড় চোট পান, তবে তাঁর পরিবর্তে কেবল এই প্রাথমিক তালিকায় থাকা কাউকেই নেওয়া যাবে। তাই নেইমারকে প্রাথমিক দলে রাখা কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ।

ব্রাজিল ভক্তদের আসল উৎকণ্ঠা এখন আগামী ১৮ মে নিয়ে। এদিন বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। কোচ ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে, নেইমারকে প্রাথমিক তালিকায় রাখা হলেও চূড়ান্ত দলে জায়গা পাওয়ার শর্ত একটিই—নিজেকে সম্পূর্ণ ফিট প্রমাণ করা। যদি ১৮ মে-র আগে তিনি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হন, তবেই তাঁকে চূড়ান্ত স্কোয়াডে দেখা যাবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

  • ১১ মে: ফিফার কাছে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা জমা।
  • ১৮ মে: ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা।
  • ১ জুন: সব দেশের চূড়ান্ত তালিকা ফিফার কাছে জমা দেওয়ার শেষ দিন।
  • ২ জুন: ফিফার অফিশিয়াল তালিকা প্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *