নির্বাচনী অনিয়ম ও অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসাথে দেশের ক্রিকেটকে সচল রাখতে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
২০২৫ সালের নভেম্বরে বিসিবি নির্বাচন নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এনএসসি একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সম্প্রতি জমা দেওয়া সেই প্রতিবেদনে নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, কাউন্সিলর তালিকায় প্রভাব খাটানো এবং স্বচ্ছতার অভাবের প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে ভোটার তালিকা ও সময়সীমা নিয়ে কারচুপির প্রমাণ মেলায় বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করা হয়।
অ্যাডহক কমিটি গঠনের ঘোষণার পরপরই বিসিবি কার্যালয় থেকে অনেকটা নীরবে বিদায় নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। এদিন উপস্থিত সংবাদকর্মীরা তার সাথে কথা বলার চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। কোনো মন্তব্য না করেই তড়িঘড়ি করে গাড়িতে চড়ে বিসিবি চত্বর ত্যাগ করেন তিনি।
তামিম ইকবালের নেতৃত্বে এই নতুন অ্যাডহক কমিটি আগামী নির্বাচন পর্যন্ত বিসিবির দৈনন্দিন কার্যক্রম ও দেশের ক্রিকেট সংস্কারে কাজ করবে বলে জানা গেছে।
